গৃহকর্মী নির্যাতনের দায়ে দম্পতি আটক

বরিশালে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বাজার রোড এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন নগরীর কাউনিয়া থানার বাজার রোডের এঅ্যান্ডজে এন্টারপ্রাইজের মালিক জুয়েল আহম্মেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন বাংলা  ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

Barisalপুলিশের মুখপাত্র বলেন, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন জানান, গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে আসফিয়া নামের একটি মেয়ে তাদের বাসা থেকে পালিয়ে এয়ারপোর্ট থানার দক্ষিণ বাঘিয়া এলাকায় চলে যায়। তারপর পুলিশ সেখান থেকে তাকে উদ্ধারের পর আসফিয়া পুলিশের কাছে তার সঙ্গে আরও এক গৃহকর্মী আয়শাকেও নির্যাতন করা হয় বলে জানায়।

সেই সূত্র ধরে তাকে নিয়ে পুলিশ ওই বাসায় গিয়ে নির্যাতনের সত্যতা পায়। অপর গৃহকর্মীকেও উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ওই বাসার গৃহকর্তা জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করা হয়েছে।

পুলিশ কমিশনার নির্যাতিতদের উদ্ধৃতি দিয়ে জানান, দুই গৃহকর্মীকে বাসায় শিকল দিয়ে বেঁধে রাখা হতো। দুইজনকেই যে জোর করে আটকে রেখে নির্যাতন করা হয়েছে তার প্রমাণ মিলেছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে।

এসএম রুহুল আমিন বলেন, গৃহকর্তী ইসরাত জাহান দিনা উচ্চশিক্ষিত একজন নারী। এমন শিক্ষিত লোকজনের এমন আচরণ খুবই দুঃখজনক।

নির্যাতনের শিকার আসফিয়া জানায়, দেড় বছর ধরে তাকে আটকে রাখা হয়েছিল ওই বাসায়। ব্যাপক নির্যাতন করা হতো তাকে। দেওয়া হতো অপর্যাপ্ত খাবার। আঙ্গুলে সুঁই ফুটানো হতো। এই নির্যাতন থেকে বাঁচতে সে ওই বাসা থেকে পালিয়ে যায়। এয়ারপোর্ট থানার দক্ষিণ বাঘিয়া এলাকার বাসিন্দা রেনু বেগমের বাসায় গিয়ে পানি খেতে চায়। সেখানেই ঘটনা খুলে বলে।

রেনু বেগমের বাসার লোকজন রাহাত হাওলাদার নামের স্থানীয় এক সংবাদকর্মীকে বিষয়টি অবহিত করেন। পরে ওই সাংবাদিক পুলিশকে বিষয়টি জানালে তারা গৃহকর্মী আসফিয়াকে সেখান থেকে উদ্ধার করে। পরে ওই গৃহকর্তার বাসা হতে অপর গৃহকর্মী আয়েশাকেও উদ্ধার করা হয়।