বেনাপোল সীমান্তে ৩০ লাখ হুন্ডির টাকাসহ আটক ১

৩০ লাখ ৪৭ হাজার টাকাসহ আটক মোস্তাব আলী (৩৫)

বেনাপোল বন্দর থানার সাদীপুর সীমান্তে ভারত থেকে পাচার করে আনা হুন্ডির ৩০ লাখ ৪৭ হাজার টাকাসহ মোস্তাব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোস্তাব স্থানীয় সাদীপুর গ্রামের তোরাব আলীর ছেলে।তাকে বুধবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাদীপুর সীমান্তের ১৮/৯ এস পিলারের ১০ গজ দূর হতে টাকাসহ মোস্তাবকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়-একজন হুন্ডি ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে সাদীপুর সীমান্তের হাকর নদী পার হয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ খবরের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক শাহ আলম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে হুন্ডি পাচারকারী মোস্তাব আলীকে একটি ব্যাগসহ আটক করে। এসময় আটক মোস্তাবকে ব্যাগসহ ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বাংলাদেশি ৩০ লাখ ৪৭ হাজার টাকা পাওয়া যায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ মোস্তাব আলী নামে এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত টাকা এবং আটক মোস্তাবকে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।