‘আন্দোলন করে খালেদা জিয়াকে কারামুক্ত করার সুযোগ নেই’

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলন করে কারামুক্ত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের আন্দোলন আদালত অবমাননার শামিল। বিচার ব্যবস্থাকে হুমকি দেবেন না, আইনের পথে চলুন।’

শনিবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর মুসলিম হল মিলনায়তনে আয়োজিত একসভায় তিনি একথা বলেন। ২১ মার্চ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘চুরির দায়ে জেলে গেলে কারও জনপ্রিয়তা বাড়ে না। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন।’

তারেক রহমানকে আন্তর্জাতিক সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি একজন সন্ত্রাসী এবং একজন দুর্নীতিবাজের কাছে জিম্মি হয়ে পড়েছে। তারেক রহমান লন্ডনে বসে গুম-খুন-হত্যা-নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য কলকাঠি নাড়ছে।’

তত্ত্বাবদায়ক সরকারে আমলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করা হয়নি জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতারা অভিযোগ করেন, আমরা নাকি ক্ষমতায় আসার পর তত্ত্বাবদায়ক সরকারে আমলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করিয়েছি। আর খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার না করায় তিনি নাকি জেলে আছেন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ভুল কথা, এটা মিথ্যাচার। আমাদের নেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও মামলা প্রত্যাহার করা হয়নি। হাইকোর্টে কোয়াশমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মামলা থেকে খালাস পেয়েছেন। যেহেতু মামলার কোনও মেরিট ছিল না, সেজন্য হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, দিদারুল আলম, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ওয়াশিকা আয়েশা খানসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।