জিডিপিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশ ছাড়িয়েছে: শিল্পমন্ত্রী

বেলুন উড়িয়ে এসএমই পণ্যমেলা উদ্বোধন করছেন আমির হোসেন আমু (ছবি- প্রতিনিধি)

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্পখাতের অবদান ৩২ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘টেকসই ও গুণগত শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জিডিপিতে শিল্পখাতের অবদান এখন ৩২ শতাংশ ছাড়িয়েছে। দেশে বর্তমানে ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প জিডিপিতে ২৩ শতাংশ এবং মোট শিল্প কর্মসংস্থানে ৮০ শতাংশ অবদান রাখছে।’

শনিবার (১০ মার্চ) বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘পায়রা বন্দর ও পদ্মা সেতুর কাজ সমাপ্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। শিল্পায়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে পায়রা বন্দরের সন্নিকটে ইপিজেড গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি বন্দরকেন্দ্রীক জাহাজ নির্মাণ ও শিপ রিসাইক্লিং শিল্প গড়ে তোলার কাজ চলছে। আর পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মাণ, শিপ ব্রেকিং ও শিপ রিসাইক্লিং, হিমায়িত মৎস্য এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শিল্পখাতে বিপুল পরিমাণে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে।’

একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ বিনিয়োগ কাজে লাগাতে হলে এখন থেকেই বরিশালের উদ্যোক্তাদের প্রস্তুতি নিতে হবে। বরিশাল বিসিক শিল্পনগরীকে আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রী ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’

শিল্প উদ্যোক্তা সৃষ্টির জন্য ১০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শিল্প উন্নয়নের মধ্যদিয়ে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবো। সে লক্ষ্যেই আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

শিল্পমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে টেকসই এসএমই শিল্পখাতের বিকাশে এমএসই পণ্যমেলা গুরুত্বপূর্ণ অবদান রাখে। এমন মেলার মাধ্যমে উদ্যোক্তারা একে-অন্যের সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ পান। বরিশালের পণ্যমেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী উদ্যোক্তা, যাদের অংশগ্রহণের কারণে এ জেলার নারী উদ্যোক্তাদের অবস্থা, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘শিল্প কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নবায়ণযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে এলাকাভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিবউল্লাহ। এর আগে শিল্পমন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু এসএমই পণ্যমেলার উদ্ধোধন করেন।