হুমায়ুন কবির শনিবার (১০ মার্চ) বলেন, “সবকিছু ঠিক থাকলে রবিবার সকাল ৮টার দিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারে বসানো হবে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান ৭সি। এখন স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের কাছে রাখা হয়েছে। এর আগে শুক্রবার (৯ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’-তে করে স্প্যানটিকে সেতুর কাছে নিয়ে রাখা হয়।”
পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন তিন হাজার ১৪০ টন। মোট ৪২টি পিলারের উপর স্প্যান বসবে ৪১টি। চীন থেকে মাওয়া প্রান্তের কন্সট্রাকশন ইয়ার্ডে এরই মধ্যে ১৩টি স্প্যান আনা হয়েছে। তিনটি স্প্যান বসানো হলে বাকি থাকবে আরও ১০টি স্প্যান।
এদিকে, প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর দ্বিতীয় স্প্যান বসানো হলেও তৃতীয় স্প্যানটি বসছে মাত্র দেড় মাস পর। এ ব্যাপারে প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘স্প্যান বসানোর বিষয়টি নির্ভর করে পিলারের কাজ শেষ হওয়ার ওপর। এখানে (কন্সট্রাকশন ইয়ার্ড) যথেষ্ট স্প্যান রয়েছে। তাই পিলারের কাজ শেষ হওয়া সাপেক্ষে আমরা স্প্যান বসাতে পারবো।’
প্রথম দুটি স্প্যান বসানোর পর সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। তৃতীয় স্প্যানটি বসলে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হবে। তৃতীয় স্প্যানের পাশাপাশি চতুর্থ স্প্যানের কাজও দ্রুত এগিয়ে চলছে। চতুর্থ স্প্যানটিও বসবে জাজিরা প্রান্তে। তাই ৪১ নম্বর পিলারের কাজও চলছে জোর কদমে।