সাভারে ২ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার

সাভারে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ মার্চ) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও এর আগে সকালে কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিহত বাদল মিয়া (২৫)। তিনি স্থানীয় বগুড়া দধি অ্যান্ড টাঙ্গাইল সুইটস মিট নামে একটি দোকানের কর্মচারী। বাদল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কায়তারা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে কাউন্দিয়া ইউনিয়নের নিহত মো. শরীফ একই এলাকার মৃত রিয়াজুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি ছয় তলা বাড়ির কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বাদল মিয়া নামের এক যুবকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের গলায় দাগ রয়েছে।

অপরদিকে রবিবার সকালে সাভারের কাউন্দিয়া এলাকার ফুফুর বাড়ি থেকে মো. শরীফ নামের (২৩) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান,  পৃথক ঘটনায় থানায় দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।