‘সুস্থ সংস্কৃতি চর্চা ছাড়া আলোকিত মানুষ হওয়া যায় না’

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি- প্রতিনিধি)

সুস্থ সংস্কৃতি চর্চা ছাড়া আলোকিত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হওয়া যায়। সেজন্য প্রাতিষ্ঠানিক পড়াশুনার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে, তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে।’

রবিবার (১১ মার্চ) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তার আমলে দেশের উন্নয়ন হচ্ছে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। আমরা প্রত্যেকেই মানুষ হয়ে জন্মগ্রহণ করি। কিন্তু সবাই মনুষ্যত্ব অর্জন করতে পারি না। মনুষ্যত্ব অর্জনে সুস্থ সংস্কৃতি চর্চার কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘প্রয়াত অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া ও মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী কেবল সিলেটেরই নয়; পুরো দেশের সম্পদ ছিলেন। বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের প্রদক্ষেপ হাতে নিয়েছে। অনেক উপজেলায় তা নির্মাণের কার্যক্রম চলছে। এক্ষেত্রে নবীগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খাঁন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, সংরক্ষিত আসনের নারী এমপি কেয়া চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুল হক ভূঁইয়া, কবি ফরহাদ হোসেন পরাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আনন্দ নিকেতনের উপদেষ্টা সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও তাপস আচার্য প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন– আনন্দ নিকেতনের সাবেক সভাপতি তনুজ রায়। 

এর আগে মন্ত্রী নবীগঞ্জ গণপাঠাগার পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ নিকেতনের শিক্ষার্থী, সিলেটের নগরনাট, বাংলা গানের দল বাউলা ও জলের গানের পরিবেশনা উপভোগ করেন।