পারশে পোনা শিকারের দায়ে মোংলায় ১৮ জেলে আটক

মোংলায় অবৈধভাবে জেলেদের পোনা শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে পারশে পোনা ধরার অপরাধে ১৮ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১২ মার্চ) সকালে মোংলার পশুর নদী থেকে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের বনরক্ষীরা আটক করেছে তাদের।

ঢাংমারী স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা (এসও) মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।   

বনবিভাগ সূত্রে জানা যায়, আট জেলেদের বাড়ি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায়। তাদের কাছ থেকে ৬০ কেজি পারশে মাছেল পোনাসহ দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঢাংমারী স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা (এসও) মো. আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোলার নদীতে পারশে পোনা শিকার করে এই জেলেরা খুলনার কয়রায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ঢাংমারী এলাকায় আগে থেকে প্রস্তুত থাকা বনরক্ষীরা তাদের আটক করতে সক্ষম হয়েছে।’  আইনি ব্যবস্থা নিতে পরবর্তীতে আটক জেলেদের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রেঞ্জ কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুন্দরবনের অভ্যন্তরে সকল প্রকার মাছের পোনা শিকার নিষিদ্ধ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলেরা মাছের পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।’  

তিনি আরও জানান, আজ এ ব্যাপারে বন আইনে একটি ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। আর জব্দকৃত মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।