ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ




ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদী‌তে ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল পৌনে ছয়টা থেকে পাটু‌রিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। এ সময় পদ্মায় আটকে পড়ে যাত্রী ও যানবাহন বোঝাই ৮টি ফেরি। 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, গভীর রাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকলে ক্রমেই ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কষ্টকর হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ছয়টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।এ সময় মাঝ পদ্মায় ৮টি ফেরি আটকে পড়ে। এছাড়া পাটুরিয়া ঘাটে ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে বাকি ফেরিগুলো নোঙর করতে বাধ্য হয়।

ঘন কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।