শনিবার বিকালে মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের চান মিয়া মোড়লের ছেলে। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ আলমগীর কবির এই প্রতিবেদককে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে একই গ্রামের বায়েজিদ খানের ছেলে সাইদুল খান মেহেদীর সঙ্গে তার মামা নুরুল হকের মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে সাইদুল খান মেহেদী মামা নুরুল হকের নিম্নাঙ্গে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। তখন তার মাথায়ও আঘাত করে মেহেদী। গুরুতর আহতাবস্থায় নুরুল হককে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক ভাগ্নে সাইদুল খান মেহেদী পালাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।