লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম নুশরাত (৮)। সে পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
রামগঞ্জ থানা পুলিশের এসআই পঙ্কজ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৬ মার্চ) সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ির সামনের ব্রিজের নিচ থেকে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়। এসময় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থা পাওয়া যায়।
এর আগে শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে উপজেলার ২ নম্বর নোয়াগাঁ ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মেস্তুরি-বাড়ির ওই শিশু নিখোঁজ হয়। সে প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে।
বিভিন্ন জায়গায় খোঁজার পরও নুশরাত জাহানের কোনও সন্ধান না পেয়ে শনিবার সকালে নুশরাতের মামা মো. জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন।
সোমবার সকাল ১১টায় পাশ্ববর্তী কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান অবস্থায় একটি বস্তা দেখতে পায় স্থানীয় শিশুরা। এরপর তারা গ্রামের লোকজনকে তা জানালে এলাকাবাসী রামগঞ্জ থানা পুলিশে খবর দেয়।
রামগঞ্জ থানা পুলিশের এস আই পঙ্কজ কুমার দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে বস্তা খুলে সেখানে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
খবর পেয়ে নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে গায়ের জামা ও কানের দুল দেখে লাশটি শনাক্ত করে।