সোমবার (২৬ মার্চ) বিকালে উপজেলার চন্দনগাঁতী কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আব্দুর রাজ্জাক ও লালচাঁন আপন দুই ভাই। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাল চাঁনের ছেলে হামিদুল ইসলাম লোকজন নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় ও পরিবারের লোকজনকে মারপিট করে। এ সময় তারাও পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। আহত হন তার স্ত্রীসহ আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার সঙ্গে জড়িত হামিদুল ও তার বাবা লাল চাঁনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।