জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার রুকিন্দীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুকিন্দীপুর ফকিরপাড়ার লোকমান হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও তার স্ত্রী সোনিয়া বেগম (১৯)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল জামালগঞ্জ বাজারের একটি পোল্ট্রি দোকানের কর্মচারী। বছর দেড়েক আগে জয়পুরহাট সদরের সাহাপুরের সোনিয়া বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বুধবার সন্ধ্যায় সাইফুল নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেন। খবর পেয়ে তার দুই ভাই ঘরের ছাউনি ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। তবে তার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই সাইফুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনার কিছুক্ষণ পর থেকে সাইফুলের স্ত্রী সোনিয়া বাড়ি থেকে বের হন। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে সোনিয়ার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, সাইফুল ও সোনিয়ার সম্পর্ক খুব ভাল ছিল। তাদের মধ্যে কোনও ধরনের ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটেনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী দু’জনের লাশের ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।