বর্তমান সরকার দারিদ্র্যের হার ৪৩ শতাংশ থেকে ২৩ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শনিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ছেলে-মেয়েদের শিক্ষামুখী করতে পেরেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে ছেলেমেয়েদের মধ্যে জেন্ডার সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন মেয়েরা শিক্ষামুখী হয়ে উঠেছে। মেয়েদের জন্য উপবৃত্তির টাকা তাদের মায়েদের হাতে সরাসরি দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকল্যাণ ট্রাস্ট করেছেন। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
উৎসব কমিটির আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুব আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন– শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, উৎসব কমিটি সদস্য সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিদ্যালয়টির ১১ জন শিক্ষক-শিক্ষার্থীকে ‘শতবর্ষ সম্মাননা স্মারক’ দেওয়া হয়। এর আগে ‘স্বপ্নীল শতবর্ষ’ নামে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. শিরীন শারমিন চৌধুরী।