কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাওয়ার পথে মেঘনা নদীতে মালবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মার্চ) সকালে হাতিয়ার অদূরে ভাসানচরের কাছে মেঘনায় খাজা আজমীর নামের ওই ট্রলারটি ডুবে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
ট্রলারের মালিক হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ী মো. আলা উদ্দিন জানান, সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে সারেংসহ ১০ যাত্রী অন্য জেলে নৌকার সাহায্যে চরে উঠতে সক্ষম হলেও ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা প্রায় এক কোটি টাকার মালামাল নদীতে তলিয়ে গেছে।