জাতীয় পার্টি (জাপা) যেকোনও সময় বর্তমান সরকারের মন্ত্রিসভা ত্যাগ করবে বলে মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। আর তাই আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো।’
শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাপাকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল দাবি করে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি। ভোটের হিসাবে নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের মতামতকে সরকার গুরুত্ব না দিলে যেকোনও সময় আমরা মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসব।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক হাসান মঞ্জুর, জেড এ গ্রুপের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিকালে প্রতিমন্ত্রী সেনবাগ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান মঞ্জুরের বাসবভনে জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।