রংপুর বিশেষ জজ আদালতের পিপি এবং জাপানি নাগরিক ওসি কুনিও ও খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজের পাঁচ দিন পর তার বাসার পেছনের একটি ডোবায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার থেকে শুরু হওয়া এ তল্লাশি অভিযান এখনও (সন্ধ্যা ৬টা) চলছে।
এ তল্লাশির কারণ সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের এখনও কিছু বলেননি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে আইনজীবী বাবু সোনার পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আইনজীবী বাবু সোনার রংপুর নগরীর আলমনগর বাবু পাড়া এলাকার বাসায় আসে র্যাব ও পুলিশ সদস্যদের একটি দল। এরপর কয়েকজন শ্রমিককে দিয়ে তারা ওই বাসার পেছনে একটি ডোবার পানি তোলা শুরু করে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রমিকরা পানি তোলার কাজ বন্ধ করে দেন। এর কারণ হিসেবে তারা জানান, ১৫ ফুট গভীর ডোবায় পানির পাশাপাশি গোবর ও খড় রয়েছে। বালতি দিয়ে ওই ডোবার পানি তুলতে গেলে ৫-৭ দিন লেগে যেতে পারে। তবে র্যাব ও পুলিশ সদস্যরা তাদের পানি তোলার নির্দেশ দিলে তারা আবার এ কাজ শুরু করেন।
এদিকে, ওই ডোবা সংলগ্ন একটি বাঁশঝাড়ের কাছে একটি পুরাতন ও ছেঁড়া শার্ট পাওয়া যায়। শার্টটা নেড়েচেড়ে পুলিশ ও র্যাব সদস্যরা জানান, এটা পুরাতন বলে কেউ ফেলে গেছে।
শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজ হন। তার সন্ধানের দাবিতে আজও (মঙ্গলবার) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রংপুর জেলার আইনজীবীরা। আইনজীবীরা রথিশ চন্দ্রকে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুমকি দিয়েছেন।
এদিকে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।