কারাগারে বসেই পরীক্ষা দিলেন হত্যা মামলার আসামি

কারাগার

টাঙ্গাইল জেলা কারাগার থেকে এবার তানভির ইসলাম আবির নামে হত্যা মামলার এক আসামি এইচএসসি পরীক্ষায় বসেছেন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) তিনি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবির বাসাইল উপজেলার বর্ণি কিশোরী গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা কাশিল ইউনিয়নের নাকাছিম গ্রামে আলম বেগ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর আসামি আবির। ঘটনার পরদিনই তাকে গ্রেফতার করা হয়।

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, আবির বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন আবির। পরে ২০১৮ সালে শুধু ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডে রেজিস্ট্রেশন করেন। আবিরের রোল নং ৩৬৫৩৭৯ এবং রেজিস্ট্রেশন নং ১২১০৭৪২৪৬৯।

পরিবার জানায়, আবিরের পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে আবেদন করেন। এতে আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। জেলা কারাগারে পাবলিক পরীক্ষা বিধির সব আইন মেনেই আবির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় গ্রহণ করেন।

পরীক্ষা পর্যবেক্ষক ভজন কুমার বিশ্বাস বলেন, ‘সব আইন মেনে এবং নিরাপত্তার মধ্য দিয়েই আবিরের পরীক্ষা নেওয়া হয়। আগামী ৭ এপ্রিল সে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেবে।’