মোবাইল ফোন ব্যবহার ও নকলের দায়ে ২৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারী

এইচএসসি ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও নকলের দায়ে নীলফামারী জেলার পৃথক দুই কেন্দ্রে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে পরীক্ষার হলে মোবাইল ফোন ও নকল রাখার দায়ে নীলফামারী জেলা শহরের বিএম কলেজ কেন্দ্র থেকে ২১ জন ও মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের অপরাধে সৈয়দপুর কারিগরি সরকারি কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে বহিস্কারের ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে নীলফামারী বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় মোবাইল ফোন ও নকল রাখার দায়ে বিএম কলেজ কেন্দ্র থেকে ৮ কলেজের ২১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সৈয়দপুর কারিগরি সরকারি কলেজের অধ্যক্ষ ড. আমীর আলী আজাদ জানান, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে ছয় জনকে বহিষ্কার হয়েছে। তারা সবাই সৈয়দপুর কলেজের শিক্ষার্থী।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘পরীক্ষার সময় অনিয়মের দায়ে তাদের বহিষ্কার করা হয়।’