গাজীপুরে পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তরুণ গ্রেফতার, এক বছরের জেল

ভুয়া পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত

গাজীপুরে পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে ইয়াসিন আরাফাত (২৪)নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। বৃহষ্পতিবার (৫ এপ্রিল) গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করেছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এইচএসসি’র ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এসময় ওই কেন্দ্রের একটি কক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মানবিক শাখার সুব্রত মজুমদার নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে তার পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলো ইয়াসিন আরাফাত। প্রবেশপত্রে লাগানো ছবিটির সঙ্গে ইয়াসিনের চেহারার মিল না থাকার বিষয়টি কর্তব্যরত কক্ষ পরিদর্শকের নজরে আসে। এরপর যাচাই-বাছাই করে ইয়াসিনকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইয়াসিন প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে ভুয়া পরীক্ষার্থী ইয়াসিনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ভুয়া পরীক্ষার্থী  ইয়াসিন নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বরদই গ্রামের হাবিব উল্লাহর ছেলে।