জয়পুরহাটে ট্রাকচাপায় কলেজ ছাত্রী নিহত, আহত ৪

জয়পুরহাটজয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার সরাইলে বালুবাহী ট্রাকচাপায় মহসিনা আক্তার কেয়া (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত ও চার ভ্যানযাত্রী আহত হয়েছেন। নিহত ছাত্রী কালাইয়ের গোপীনাথপুর জগডুম্বর গ্রামের আব্দুল মোত্তালিবের মেয়ে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহতরা হলেন- কালাইয়ের হাতিয়র গ্রামের আব্দুল আলিম (৪০), পুনট গ্রামের মামুনুর রশিদ (৩৯), নান্দাইল দিঘীর শামিম হোসেন (২৩) ও নয়াপাড়া গ্রামের ময়নুল হোসেন (৩৬)। এদের মধ্যে গুরুতর আহত শামিম হোসেনকে বগুড়ার শজিমেক হাসপাতাল ও অন্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
জানা গেছে, শনিবার বেলা তিনটার দিকে কালাই মহিলা কলেজ থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে শিক্ষার্থী মহসিনা আক্তার অন্যদের সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। সরাইল বাসস্ট্যান্ড এলাকায় তাদের ভ্যান পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহসিনা নিহত ও অন্যরা আহত হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, দুর্ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চার জনের হাসপাতালে চিকিৎসা চলছে।