ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা থেকে তাদের আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্জিত করেছেন।
আটককৃতরা হলো- জাবেদ হোসেন (২৭), মো. সেন্টু মিয়া (২৮), বায়েজিদ (২৫), মিন্টু মিয়া (৩৮), মো. কুদ্দুস মিয়া (৩০), মো. হাবিব (৩৪), তারেক আহম্মেদ (২৫) ও শংকর দেব নাথ (৪১)।
এসময় চুরি হওয়া সিএনজি, চেতনানাশক মলম, চেতনা নাশক ওষুধ (হ্যালোসিন), ডাক্তারের ভুয়া কাগজপত্র, দেশীয় অস্ত্র ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, এই অজ্ঞান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন আবাসিক এলাকায় প্রতিনিয়িত ঘুমন্ত ও জাগ্রত মানুষের জানমালের ক্ষতি করে আসছিল। এরই ধারাবাহিকতায় র্যাব অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে তাদের কার্যক্রমের উপর লক্ষ রাখেন। পরে শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি সিএনজি চালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র, চেতনানাশক ওষুধ (হ্যালোসিন), ডাক্তারের ভুয়া কাগজপত্র ও ৯টি মোবাইল ফোনসহ অজ্ঞান পার্টির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩২৮/৫১১ ধারা মোতাবেক মামলা দায়ের করার পাশাপাশি উদ্ধার হওয়া মালামালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।