উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের রোহিঙ্গাদের এই বিক্ষোভের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে বিক্ষোভ করেন।
এর আগে, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সকাল ১১টার দিকে কুতুপালং ক্যাম্পে পৌঁছান মিয়ানমারের মন্ত্রী ড. উইন মিয়ায়ে। তার আসার কথা শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রোহিঙ্গারা।
ওসি আবুল খায়ের বলেন, ‘মিয়ানমারের মন্ত্রী ক্যাম্পে পৌঁছে কুতুপালং ডি-ব্লকে যাওয়ার পথে কিছু রোহিঙ্গা ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ জানায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে কিছু রোহিঙ্গা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারী রোহিঙ্গাদের ছত্রভঙ্গ করে দেয়।’
এর আগে, মন্ত্রী ড. উইন মিয়ায়ে কুতুপালং ক্যাম্পে পৌঁছানোর পর তার কাছে ইনচার্জের কার্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পরে ডি-৫ ব্লকের ইউএনএইচসিআর কার্যালয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা। উল্লেখ্য, মিয়ানমারের কোনও মন্ত্রীর এটিই প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।
রোহিঙ্গাদের বিক্ষোভের ভিডিও দেখুন এখানে: