ছাত্রলীগকে সতর্ক করলেন অধ্যাপক জাফর ইকবাল

জাফর ইকবাল (ফাইল ছবি)

বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের ঘটনায় ছাত্রলীগ যেন কোনও ধরনের ভুল না করে, এ বিষয়ে সতর্ক করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সতর্কবাণী দেন তিনি।

যখন সরকার কোনও কিছুর সম্মুখীন হয়, তখন সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে ছাত্রলীগও এসে পড়ে উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, ‘ছাত্রলীগ যারা করে তারাও তো ছাত্র, তারা পড়াশোনা করবে। তারা যেন কোনও ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনও ধরনের সংঘাত সৃষ্টি না করে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা রয়েছে। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছেন। আমি আশা করবো, এ ঘটনায় তারা যেন সঠিক সিদ্ধান্ত নেন।’

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘দেশে ৫৬ শতাংশ কোটা, যেটা অনেক বেশি; একসময় হয়তো এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার।’ কোটা সংস্কারের কথা বলে প্রচ্ছন্নভাবে অনেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলছে, মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনভাবেই অশ্রদ্ধা না হয় সেদিকে সবার খেয়াল রাখার আহ্বান জানান তিনি।