কুবিতে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তার এ বরখাস্তের আদেশ জারি করে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

রেজিস্ট্রার ড. মো. আবু তাহের সাংবাদিকদের জানান, দুই ছাত্রী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেন। এতে আজমল আলী কাওসারের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণ প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি মূল বেতনের অর্ধেক পাবেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। আজমল আলী গত কয়েক মাস ধরে ওই ছাত্রীদের সরাসরি ও ফেসবুকের ক্ষুদে বার্তায় অশ্লীল প্রস্তাব দিচ্ছিলেন বলে তারা দাবি করেন। অভিযোগ ওঠে, তিনি এক ছাত্রীকে নিজের আপত্তিকর ছবিও পাঠান।