বাগেরহাটে ১৬ কেজি গাঁজাসহ আটক দুই মাদক বিক্রেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
দুই মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার ইলাইপুর গ্রামের আলতাফ শেখের ছেলে নজরুল শেখ (৬০) ও বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে আব্দুল্লাহ আল সবুজ (২০)।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদককে জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে ফেনী থেকে ১৬ কেজি গাঁজা তোলা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অবস্থান নেয়। এসময় গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতা নেমে একটি ভ্যানগাড়িতে ওঠার সময় তাদের আটক করা হয়। এঘটনায় মাদক আইনে বাগেরহাটের ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।