ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

চট্টগ্রামবালু ভর্তি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বারইয়ার হাট-খাড়গাছড়ি সড়কের করের হাট তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জানান।
নিহতরা হলেন— ঈশান (১২) ও জিসান (৫)। তারা দু’জন সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
উপ-পরিদর্শক আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করের হাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি বারইয়ার হাট আসার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ঈশান নামে এক কিশোরের লাশ উদ্ধার করি। জিসান নামে পাঁচ বছর বয়সী আরেকটি শিশু হাসপাতালে মারা গেছে।’

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশা যোগে একই পরিবারের পাঁচজন বারইয়ার হাট যাচ্ছিলেন। আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।