‘প্রচ্ছদ’ সাংস্কৃতিক আন্দোলনের ৩৭ বছর, নাচে-গানে বর্ষবরণ

সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ -এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠানকুড়িগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪২৫ বর্ষবরণ উপলক্ষে মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।

পহেলা বৈশাখ (শনিবার) প্রতিষ্ঠার ৩৭ বছরে কুড়িগ্রাম পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ও সোনা বন্ধু ধন দিলোঙ তোমাক নিমন্ত্রণ, খায়া আসপেন হামার গুয়া পান’, ‘আজি বাহাল করিয়া বাজান রে দোতারা’ সহ বেশ কিছু জনপ্রিয় গান আর নৃত্যে হাজারো দর্শকদের মুগ্ধ করে প্রচ্ছদের এ  আয়োজন।

‘প্রচ্ছদ’ এর অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের একাংশ‘সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না’ আর  ‘আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে’ প্রভৃতি মনমুগ্ধকর গানের সঙ্গে একক ও দলীয় নৃত্য দর্শকদের আনন্দে আন্দোলিত করে।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘প্রচ্ছদ’ বিভিন্ন আন্দোলন সংগ্রামে কুড়িগ্রামের মানুষদের সাংস্কৃতিকভাবে উৎসাহ জুগিয়ে আসছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সাহায্য নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ায় ‘প্রচ্ছদ’।

‘প্রচ্ছদ’ এর সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’