ভোলায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের হলরুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোস্তফা কামালের পরিবার এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন— বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম এ তাহের, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ, দৈনিক আজকের ভোলা’র সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, আলীনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির কামাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাই মো. সেলিম।
আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাওলানা মো. আব্দুল লতিফ দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীরশ্রেষ্ঠের ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ১৯৭১ সালের ১৮ এপ্রিল কুমিল্লার আখাউড়ার দরুইন গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে লড়াই করে শহীদ হন।