সাতক্ষীরায় বিদ্যুৎ পেলো ৪২০ পরিবার

বিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  ফলে এই ইউনিয়নের ৪২০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেলো।  

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে এই কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী,গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মাহমুদ সরদার, শিক্ষক মোবারক আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বি চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বলেন,‘স্বাধীনতার ৪৭ বছর পর জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসী বিদ্যুতায়নের আওতায় এলো। এই উপহার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। বুঝতে হবে দক্ষিণ শ্রীপুরের মতো আরও অনেক এলাকা আছে, যেখানে এখনোও বিদ্যুৎ পৌঁছায়নি।’

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। 

প্রসঙ্গত, এই বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনসহ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর  ওয়ার্ডের ৪২০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেলো।  উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আগে বিদ্যুৎ ছিল না।