সাতক্ষীরায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হোসনে আরা আক্তার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার জানান, ২০০৯ সালের ২৬ আগস্ট আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের অজয় দাসের ছেলে উজ্জ্বল কুমার দাস বেলা ৩টায় একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মারুফা খাতুনের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মারুফা খাতুন আশাশুনি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশের সাব ইন্সপেক্টর জিল্লুর রহমান আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত এই মামলায় চার জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বিচারক হোসনে আরা আক্তার পলাতক আসামি উজ্জ্বল কুমার দাসকে সাত বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।