দিনাজপুরের বীরগঞ্জে একটি হাসকিং মিলের দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিয়া ট্রেডার্স হাসকিং মিলে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নৈশপ্রহরী তহিজউদ্দিন জানান, রাত আনুমানিক ২টায় একদল লোক মিলে প্রবেশ করে প্রথমেই আমাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে তারা আমাদের হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর মিলের গোডাউনের তালা ভেঙে ঘরের ধান নিয়ে পালিয়ে যায়। অনেক চেষ্টার পর ভোরে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানাই। পরে অপর প্রহরী মো. করিম উদ্দিনকে মুক্ত করে মিল মালিককে বিষয়টি অবহিত করি।
ঘটনার পর সকাল ১০টায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক জানান, বেশ গুরুত্ব দিয়ে পুলিশ মাঠে নেমেছে। থানায় এনে দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুব দ্রুত সময়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং চুরি যাওয়া ধান উদ্ধার করা হবে।