নানা আয়োজনে পালিত হচ্ছে ১৩৬তম খুলনা দিবস

১৩৬ তম খুলনা দিবসের র‌্যালিজেলা হিসেবে খুলনার ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে আজ।এ উপলক্ষে আজ বুধবার (২৫ এপ্রিল) বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৮৪২ সালে ভৈরব-রূপসা বিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দফতর স্থাপিত হয়। খুলনা মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগোলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব বাড়তে থাকে। মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫’শ জনসংখ্যা অধ্যুসিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট টমি ডাব্লিউ এম ক্লে’র দায়িত্ব নেওয়ার মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বলেন, ‘কালের বিবর্তনে সময়ের চাহিদায় জেলা শহর হিসেবে প্রতিষ্ঠার পর ১০০ বছরে এ অঞ্চলের ব্যাপক উন্নতি সাধিত হয়। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সরকারের আমলে এ অঞ্চল অবহেলা ও বৈষম্যের শিকার হয়। এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারের একপেশে নীতির কারণে এ অঞ্চলটি আর্থসামাজিক উন্নয়নে বাধাগ্রস্থ হয়ে পিছিয়ে পড়ে। বর্তমান সরকারের যুগান্তকারী কিছু প্রকল্প গ্রহণ ও পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে এ অঞ্চল অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’

খুলনা দিবস পালনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। বাউল, ঘোড়াগাড়ি, পালকিতে জামাই-বউ, স্থানীয় রোভার স্কাউট, সি-স্কাউটসহ ব্যান্ডবাদক দলের উপস্থাপনায় র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান,  সহ-সভাপতি শাহিন জামান পন, মামনুরা জাকির খুকুমনি প্রমুখ।

দুপুর পৌনে ২টায় খুলনা মেজবান, বিকাল সাড়ে ৫টায় নগরীর শহিদ হাদিস পার্কে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।