র্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি’র) তিন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ববি’র উপাচার্য ড. এস এম ইমামুল হক নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ ব্যাপারে সতর্ক করার জন্য অভিযুক্তদের বিষয়টি নোটিশ আকারে বোর্ডে টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বুধবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি জানান, উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর সভাপতিত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪ তম সভা ঢাকার লিয়াজো অফিসে ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘র্যাগিং’-এর বাংলা প্রতিশব্দ ‘উত্যক্ত ও উৎপীড়ণ’ শব্দটি ব্যবহার করে এ জাতীয় কর্মকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের তিন জন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৭-১৮ শিক্ষার্ষের ১ম বর্ষের একই বিভাগের শিক্ষার্থীদের ‘উত্যক্ত ও উৎপীড়ণ’ করার অভিযোগ নিয়ে বিভাগীয় একাডেমিক কমিটি ও ডিনের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট সম্পর্কে সিন্ডিকেট সভায় আলোচনা করা হয়। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই অভিযোগে অভিযুক্ত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থী নুসরাত জাহান শিফা, কল্যান হালদার ও মো. নাজমুল হাসানকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।