খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিএনপির পৃথক মানববন্ধন

 

মহানগর বিএনপির মানববন্ধনবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি পৃথক তিনটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জেলা বিএনপি এই কর্মসূচি পালন করা হয়। একইস্থানে বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির একাংশ ও বিকালে মহানগর বিএনপির অপর একটি অংশ আলাদাভাবে কর্মসূচি পালন করে।

সকালে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ব্যারিস্টার পারভেজ আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নূর নাহার বেগম প্রমুখ।

একইস্থানে বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর থানার পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজাহরুল হক, শ্রমিক দল জেলার সভাপতি নজরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন খান প্রমুখ। 

বিকোলে মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন, অ্যাডভোকেট জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখার জন্য সরকার পাঁয়তারা করছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে আটক রেখে এদেশের মাটিতে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।