রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত

রোহিঙ্গা ক্যাম্পকক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনচার বেগম (২৬) নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ সময় আনছার বেগমের বাবা মকবুল আহমদ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী  (রেজিস্ট্রার্ড) ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নারী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ৭৩২/৭ নং শেডের ডি-ব্লকের মো. ইলিয়াছের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আনছার বেগমের স্বামী ইলিয়াছের দোকানের সামনে কবিরাজী ওষুধ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার এক পর্যায়ে আনছার বেগমকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এই ঘটনায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া ক্যাম্পের ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের মৃত কালা মিয়ার ছেলে ছৈয়দ আহমদ (৬৫), একই ক্যাম্পের ছৈয়দ আহমদের ছেলে আবুল মাছন (১৮),  ২৭/৬ নং শেডের ই-ব্লকের ছালেহ আহমদের ছেলে মো. ইউছুফ (২২) ও তার ভাই মো. ইব্রাহীম (২৫), ছালেহ আহমদ (৬২), ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ছৈয়দ আহমদের দিলবাহার (৪০) কে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রনজিত বড়ুয়া আরও জানান, নিহত আনছার বেগমের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।