ছুটছেন খালেক, বসে নেই মঞ্জু

গণসংযোগে তালুকদার আব্দুল খালেক (ছবি- প্রতিনিধি)

খুলনা সিটি করপোরেশনে আগামী ১৫ মে ভোট। এ দিন যত এগিয়ে আসছে, নির্বাচনি মাঠে উত্তাপ ততই বাড়ছে। আওয়ামী লীগকে জেতাতে ভোটারদের কাছে ছুটছেন দলটির মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। তার সঙ্গে ছুটছেন দলীয় নেতাকর্মীসহ সমর্থকরাও। বসে নেই ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও। বিএনপি প্রার্থীকে মেয়র বানাতে গণসংযোগে নেমেছেন তার দলের নেতাকর্মীরাও।

মাদক সমস্যাকে সমাজের ব্যাধি আখ্যায়িত করে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাদক বিক্রেতারা দেশ ও জাতির শত্রু। এদের সমাজ থেকে বিতারিত করা হবে। মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন একটি মডেল নগরী গড়ে তুলবো।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে নগরীর খানজাহান আলী থানাধীন ২নং ওয়ার্ডে গণসংযোগ ও সাথী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ি গেট এলাকা থেকে তালুকদার আব্দুল খালেক গণসংযোগ শুরু করেন। এসময় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচনি প্রচারণায় অংশ নেন। একইসঙ্গে তারা খুলনার উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রাথী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার করেন।

গণসংযোগে তালুকদার আব্দুল খালেক (ছবি- প্রতিনিধি)

তালুকদার খালেক বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্যাবল ফ্যাক্টরিতে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া খুলনার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। খানজাহান আলী (রূপসা) সেতু, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, আধুনিক রেলস্টেশন, মংলাবন্দর সচল, বন্ধ মিল-কারখানা চালুসহ নগর উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন শেখ হাসিনা। পদ্মাসেতু নির্মিত হওয়ার পেছনে রয়েছে তার অসামান্য অবদান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টায় কাশিপুর ফুটবল ময়দানে স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নেন তালুকদার আব্দুল খালেক। পরে বেলা সাড়ে ১১টায় ফুলবাড়িগেটস্থ আলতাফ প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, বেলা সোয়া ১২টায় হ্যামকো ব্যাটারি লিমিডেটের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু (ছবি- প্রতিনিধি)

বৃহস্পতিবার সকাল ৮টায় কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দৌলতপুর থানা নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন। এরপর তিনি ৫নং ওয়ার্ডের খানপাড়া, দত্তবাড়ী, বণিকপাড়া, মোল্লার মোড়, তিন দোকানের মোড়, বাউন্ডারী রোড, ঋষিপাড়া, দফাদারপাড়া এবং আঞ্জুমান রোড এলাকায় গণসংযোগ করেন।

এসময় জনগণের নানা প্রশ্ন ও আশঙ্কার জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণ সিটি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে তাদের মনে শঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের এই শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ এবং ভোটের আগেই সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন নজরুল ইসলাম মঞ্জু। ঘোষণা শেষ হলে তিনি ২১নং ওয়ার্ড এলাকায় ফের গণসংযোগ করেন।

গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু (ছবি- প্রতিনিধি)

এদিকে, নজরুল ইসলাম মঞ্জুকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সাবেক ছাত্রদল নেতারা। দৌলতপুর নতুন রাস্তার মোড়, লিবার্টি চত্বর হয়ে প্লটিনাম জুট মিলস গেট পর্যন্ত তারা লিফলেট বিতরণ করেন।