প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট গাজীপুর। প্রতীক বরাদ্দের প্রথম শুক্রবার (২৭ এপ্রিল) দলীয় নেতাকর্মীদের নিয়ে মেয়র পদপ্রার্থীরা দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। এদিন মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় নেমে পুরো এলাকা সরগরম করে রেখেছিলেন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও।
প্রতীক বরাদ্দের পরপরই প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়ক ও অলিগলি পোস্টারে ছেয়ে গেছে। প্রতিদিনই বেলা দুইটায় শুরু হয় মাইকিং। চলে রাত নয়টা পর্যন্ত। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। প্রার্থীদের সমর্থকেরা দলে দলে বিভক্ত হয়ে কার কত সমর্থন রয়েছে, তা প্রদর্শনেও ব্যস্ত এখন। এরই মধ্যে চলছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার মেয়র, কাউন্সিলর প্রার্থীরা যথারীতি গণসংযোগ, বৈঠক ও মিছিল-সমাবেশ করেছেন। জুমাবার হওয়ায় এদিন কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায় করেন। এসময় তারা মুসুল্লিদের খোঁজখবর নেন এবং ভোট ও দোয়া চান। বিকালে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দলীয় প্রার্থীর গণসংযোগে প্রধান দুই রাজনৈতিক দলের একাধিক কেন্দ্রীয় নেতাও অংশ নেন।
বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম জানান, মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রচারণায় শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। জোটপ্রার্থী হাসান উদ্দিন সরকার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিজ বাসভবনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি বিষয়ক আলোচনা করেন। এসময় ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড এম. জাহিদ, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. এবিএম মূসা, ডা. এম. এ কামাল, ডা. মো. আবুল কালাম, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে খাইলকৈরের বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন আপন মার্কেটে যান এবং সেখানে পথসভা করে দিনের নির্বাচনি প্রচারণা শুরু করেন। তিনি গাছার বাদশা মিয়া স্কুল, আপন বাজার, হিন্দু বাড়ীর মোড়, ডেগের চালা, বটতলা, মৈরানসহ বিভিন্ন স্থানে পথসভা করেন। স্থানীয় ডেগেরচালা জামতলা এলাকার জামে মসজিদে তিনি নামাজ আদায় করেন। এসময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন।
ডা. মাজহারুল আলম জানান, শুক্রবার সকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের নিয়ে গাজীপুরের টঙ্গী ও গাছার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে হাসান উদ্দিন সরকারের পক্ষে গণসংযোগ করেন। পরে সেখান থেকে তিনি গাছার ৩৮নং ওয়ার্ডের বটতলায় হাসান উদ্দিন সরকারের সঙ্গে মিলিত হয়ে প্রচারণায় অংশ নেন। এসময় তিনি এক পথসভায় বক্তব্য রাখেন। এদিকে, বিকাল সাড়ে তিনটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) আলতাফ হোসেন, নির্বাচন পরিচালনা প্রধান ফজলুল হক মিলন, পৌর বিএনপি সভাপতি মীর হালিমুজ্জামান ননী শহরের জোড় পুকুর এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে সভা করেন।
শুক্রবার সকাল থেকে ঘরোয়া বৈঠক আর গণসংযোগ করে ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি সকালে হাজীর পুকুর এলাকায় দলের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে নির্বাচনি প্রচারণা সম্পর্কে নানা পরামর্শ দেন। পরে তিনি দলের কর্মী-সমর্থকদের নিয়ে গাছা, বোর্ডবাজার, শরীফপুর, বাদেকলমেশ্বর, বড়বাড়ি, তারগাছ, আইইউটিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহি উদ্দিন, কাজী ইলিয়াস, এসমএম মোকসেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে জাহাঙ্গীর আলম বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি মুসল্লিদের কাছে নৌকা মার্কায় ভোট চান। বিকালে তিনি সিটি করপোরেশনের ৩৫, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ও পথসভায় এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
শুক্রবার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মো. ফজলুর রহমান। এদিন তিনি চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় তিনি মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মিনার প্রতীকে ভোট চান। এ ছাড়া, তিনি টঙ্গী বাজার, কলেজ গেট, চেরাগ আলী, স্টেশন রোড কোনাবাড়ি, কাশিমপুরসহ নগরীর বিভন্ন এলাকায় গণসংযোগ করেন।
এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাজী মো. রুহুল আমীন কাস্তে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. জালাল উদ্দিন মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নাসির উদ্দিন হাত পাখা ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। শুক্রবার তারাও ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটেছেন। এদিন ভোট ও দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করেছেন সাধারণ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরাও।