বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি এখন ফাঁদে পড়েছে। ফাঁদ থেকে বের হওয়ার জন্য দলটির নেতারা একেক দিন একেক কথা বলছেন। আসলে বিএনপিও চায় না, তারেক দেশে আসুক।’
শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪০ কোটি টাকা ব্যয়ে চারটি সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ওই যে একটা গান আছে, ফান্দে পড়ে বগা কান্দেরে। ফাঁদে পড়ে বিএনপির অবস্থা এমন হয়েছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি নেতারা সকালে এক কথা, আর বিকালে আরেক কথা বলছেন। তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার সাহস থাকলে তো বাংলাদেশে আসবে।’
তিনি আরও বলেন, ‘জেল-জুলুম-রাজপথ যারা মোকাবেলা করতে পারে না, তারা বাংলার মাটিতে কোনোদিনও নেতা হতে পারবে না। তারেক জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সেই কাগজ আমাদের কাছে আছে।’
সরকার তারেককে দেশে আনতে পারবে না, বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের এ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তার মানে সে (তারেক) দেশে আসবে না। তার মানে বিএনপিও চায় না, তারেক দেশে আসুক।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত ৯ বছরে ৯ দিনও রাজপথে দাঁড়াতে দেখিনি বিএনপিকে। এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর! বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এখন আন্দোলনে নেই, আছে শুধু নালিশে। নয়াপল্টনে ঘরের ভেতরে বসে প্রেস ব্রিফিংয়ের নামে নালিশ করে বিএনপি, আর বিদেশি দূতাবাসে গিয়ে নালিশ করে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যদি কোনও সংসদ সদস্যের আশেপাশের মানুষ খারাপ হয়, তবে ওই সংসদ সদস্যের অর্জন ম্লান হয়ে যাবে। কর্মীরা যদি জনগণের সঙ্গে খারাপ আচরণ করেন, ক্ষমতার অপব্যবহার করেন, তবে কোনও অন্যায় না করেও একজন জনপ্রতিনিধিকে খেসারত দিতে হয়।’
জনসভায় আরও বক্তব্য রাখেন– স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা।