কুমিল্লার লাকসামে শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় রাসেল মিয়া (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে লাকসাম শহরের পশ্চিমগাঁও এলাকার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এইচ এস সি পরীক্ষার্থী রাসেল মিয়া লাকসাম পশ্চিমগাঁও এলাকার আলী নওয়াবের ছেলে। সে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় বিভাগের ছাত্র।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহফুজ জানান, শিক্ষক আবদুস ছোবানের উপর হামলার ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত বুধবার ২৫ এপ্রিল নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যবসায় শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন অভিযুক্ত পরীক্ষার্থী রাসেল মিয়া পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। ওই সময় দায়িত্বরত শিক্ষক আবদুস ছোবান তাকে অসদুপায় অবলম্বনে সুযোগ না দেওয়ায় পর দিন বৃহস্পতিবার রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষার্থী ও তার কয়েকজন সহযোগী মিলে ওই শিক্ষককে পিটিয়ে আহত করে।