কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছে, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাদের বর্বর নির্যাতনে দেশটির বাস্তুচ্যুত নাগরিকদের অবস্থা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সচিব ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এটিই প্রথম একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা।
প্রতিনিধিদলে বাংলাদেশসহ ৫৭ মুসলিম রাষ্ট্রের জোট ওআইসির প্রতিনিধিরা ছাড়াও রয়েছেন নন-ওআইসি কান্ট্রি হিসেবে বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে আসা কানাডার পররাষ্ট্রমন্ত্রীও। তারা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন। এছাড়া নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলবেন তারা।
ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উন্নয়ন কর্মীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।
রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ ধরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় গত সপ্তাহেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন ৪০ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল।