ফেনীতে ছাত্রলীগের পদে থেকে শিবিরের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে ২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক তায়হান পাটোয়ারি ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম পাটোয়ারি। তারা আপন দুই ভাই।
শনিবার (৫ মে) জেলা ছাত্র-লীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, তায়হান ও নাঈম ছাত্রলীগে অনুপ্রবেশের পর বিভিন্ন মানবিক সংগঠনের আড়ালে শিবিরের কর্মকাণ্ড অব্যাহত রাখছিল। এছাড়া ছাত্রলীগের সাংগঠনিক গোপন তথ্যগুলো শিবির নেতাদের জানিয়ে দিত ও গোপনে শিবিরের কর্মকাণ্ড পরিচালনা করতো। তাদের পিতা ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ও রুকন ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশে পাড়ি জমান।
এ ব্যাপারে জেলা ছাত্র-লীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফেনীতে ছাত্রলীগের মধ্যে থেকে শিবির কর্মীদের বের করে দেওয়ার এ অভিযান অব্যাহত থাকবে। জেলা ছাত্রলীগের কমিটিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে আরও বেশ কয়েকজন অনুপ্রবেশকারী শিবির রয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।