রাজশাহীতে এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

পাস হওয়া ছাত্রীদের উল্লাস (ছবি- প্রতিনিধি)

এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ১৫ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১০ হাজার ১৮ জন। আর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৪৮০ জন।

গত বছর মেয়েদের পাসের হার ছিল ৯১ দশমিক ৪৪ শতাংশ। আর ছেলেরা পাশ করেছিল ৯০ দশমিক ০১ শতাংশ। এর আগে ২০১৬ সালে মেয়েরা ৯৫ দশমিক ৮৭ ও ছেলেরা ৯৫ দশমিক ৫৫ জন পাস করেছিল। অন্যদিকে, গতবছর ৯ হাজার ৭৫ জন ছাত্র ও ৮ হাজার ২৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৪৯৮ জন। গত বছরের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন।

রবিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবার পরীক্ষার্থী ছিল একলাখ ৯৪ হাজার ৭৭৫ জন। পরীক্ষায় সকল বিষয়ে উপস্থিত ছিলেন একলাখ ৯৩ হাজার ৮৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে একলাখ ৬৬ হাজার ৮৬৫ জন।

তিনি আরও জানান, বিজ্ঞান বিভাগে ৪৭ হাজার ৬৩১ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৮২৯ এবং ৩৬ হাজার ৬২৫ জন মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া, মানবিক বিভাগে ৪২ হাজার ২৯৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৬৭ এবং ৫১ হাজার ৭১৮ জন মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, বাণিজ্য বিভাগে ১১ হাজার ২০২ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন এবং ৫ হাজার ৩০১ জন মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে ১৬১ জন জিপিএ-৫ পেয়েছে।