বৃহস্পতিবার (১০ মে) রাত ৯ টার দিকে ঘিবা সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার এবং প্রায় কাছাকাছি সময়ে রঘুনাথপুর সীমান্তের স্বরবাংহুদা এলাকা থেকে ডলারসহ দুই জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিকের ছেলে গোলাম মওলা বক্স (৩৫) ও স্বরবাংহুদা গ্রামের জবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সদস্য’র (আরআইবি) সংবাদের মাধ্যমে জানা যায় বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ নম্বর ঘিবা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় একজন লোক একটি পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। ওই পোটলার ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ২ কেজি ৭০০ গ্রাম।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা স্বরবাংহুদা স্কুলের পেছন থেকে ১ লাখ মার্কিন ডলার সহ গোলাম মওলা ও আলমগীরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বার এবং ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।