কুমিল্লা নগরীর চকবাজার তেরিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি দোকানে পুড়ে গেছে। শনিবার (১২ মে) দুপুরে চকবাজার বাঁশ বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন অগ্নিকাণ্ড ঘটার তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। প্রথমে দু’টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় আরও দু’টি ইউনিট যোগ দেয়।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানের মালিক শংকর চন্দ্র সাহা বলেনম ‘আমার দোকানের সব পুড়ে গেছে। আমার প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া প্রায় ৮০ হাজার নগদ টাকা ছিল ক্যাশে।’
এ ব্যাপারে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে সর্বমোট ২৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাজার কমিটির নির্ধারণ করবে।