খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনও ধরনের অভিযোগ উত্থাপনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার (১৫ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যমের সামনেই ভোটগ্রহণ শুরু হয়। তাই নির্বাচন নিয়ে কোনও ধরনের অভিযোগ তোলার সুযোগ নেই।’ নির্বাচন শেষ হলে উভয় প্রার্থীর বিবৃতির প্রেক্ষিতে ‘আলোচনা হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন বা দণ্ড মওকুফের রাজনৈতিক কোনও দেনদরবার চলবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।