ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রস ব্রিজ এলাকায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জনের মতো। মঙ্গলবার (১৫ মে) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন-ই দৌল্লা দুর্ঘটনায় হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস মানিকগঞ্জের অদূরে তরা ক্রস ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন ওই বাসের আরও ১৫ যাত্রী। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার কুষণ্ডা গ্রামের মিজানুর রহমান (৫০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাছ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার উভয় দিকে যানজট সৃষ্টি হয়। দেড়ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন- হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪