‘আগামী দুই মাসের মধ্যে একলাখ রোহিঙ্গা ভাসানচরে’

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল (ছবি- প্রতিনিধি)

আগামী দুই মাসের মধ্যে একলাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল। শনিবার (১৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী ২/২ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি মহড়ার উদ্বোধনকালে তিনি একথা জানান।

এস এম শাহ কামাল বলেন, ‘কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে একলাখ ৩৩ হাজার রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৩২ হাজার পরিবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও একলাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের আশঙ্কাকায় ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সশস্ত্র ও সরকারি বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থা কাজ করছে।’

এস এম শাহ কামাল বলেন, ‘বিশাল পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নেওয়ায় বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার এই ক্ষতি পুষিয়ে নিতে নানা চিন্তা-ভাবনা করছে। রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পর খালি জায়গায় নতুন করে বনায়ন করে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।’

মহড়ায় বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিএসসিসি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয় রোহিঙ্গারা অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন– সেনাবাহিনীর কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাকসুদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ অনেকে।