সন্দ্বীপে বজ্রাঘাতে দুই জেলে নিহত

বজ্রাঘাত

সাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুই জেলে বজ্রাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৯ মে) সকালে উপজেলার সারিকাইত ইউনিয়নের বাংলাবাজার মাছের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল খান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– পরীক্ষিত জলদাশ (২৬) ও বিকাশ জলদাশ (১৮)।

এসআই হেলাল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত দুই জেলেসহ মোট পাঁচ জন একটি ডিঙি নৌকায় করে সকাল ৭টা দিকে মাছ ধরতে যান। সকাল সাড়ে ৯টার দিকে ওই নৌকা থাকা পাঁচ জনের মধ্যে চার জন বজ্রাঘাতে আহত হন। তাদের উদ্ধার করে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলে ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জন মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।’