যশোরে ‘গোলাগুলি’তে দুই মাদক ব্যবসায়ী ও ‘গণপিটুনি’তে এক ডাকাত নিহত

যশোর

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় ‘নিজেদের মধ্যে গোলাগুলি’তে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ মে) দিনগত রাত ৩টার পর চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিকে, যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর বাজারের কাছে ডাকাতি করতে গিয়ে এদিন মধ্যরাতে ‘গণপিটুনি’তে বুলি নামে আরও এক ব্যক্তি (৪০) নিহত হয়েছে।

‘গোলাগুলি’তে নিহত দুই জন হলো– শহরের চাঁচড়া রায়পড়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে মানিক ও শহরতলীর মণ্ডলগাতি গ্রামের আছির। ‘গণপিটুনি’তে নিহতের নাম বুলি, সে সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালী থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘চাঁচড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দু’টি মরদেহ মেলে।’

এসআই মঞ্জুরুল ইসলাম আরও জানান, ভোর পৌনে চারটার দিকে তিনি লাশ দু’টি যশোর জেনারেল হাসপাতালে আনেন। ওই দুই ব্যক্তির মাথায় গুলি লেগেছে। এতে তাদের মাথার খুলি উড়ে গেছে।

এসআই মঞ্জুরুল জানান, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, পাঁচ রাউন্ড গুলির খোসা এবং দুই প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নিহত একজনের গায়ে লাল গেঞ্জি ও পরনে লুঙ্গি, আরও একজনের পরনে শুধু লুঙ্গি রয়েছে। দুই জনের বয়সই চল্লিশের মতো।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ দুই জন মারা গেছে।

কোতোয়ালী থানার ওসি আজমল হুদা জানান, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৬শ’ পিস ইয়াবা ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত দুই জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

এদিকে, কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) শামসুদ্দোহা জানান, সদর উপজেলার ইছালী ইউনিয়নের নোঙরপুর বাজারের কাছে যশোর-মাগুরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে একদল দুর্বৃত্ত ডাকাতি করতে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে একজনকে ধরে ফেলেন এবং পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে রাত ৩টার দিকে ওই ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতালে আনে। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গায়ে শুধু একটি গামছা রয়েছে। তার সারা শরীর রক্তাক্ত।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।

কোতোয়ালী থানার ওসি আজমল হুদা জানান, ডাকাত বাহিনীর প্রধান বুলির বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।